নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ ফরেস্টে আবারও চলছে ব্যাপক গাছকাটা। কেটে নেওয়া জমিতে তৈরি করা হচ্ছে আবাদি জমি। এ ঘটনায় বনরক্ষী নাজমুল হককে হত্যার হুমকি দেওয়া ও বন বিভাগের অফিসসংলগ্ন স্থানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কর্তনকৃত গাছ উদ্ধার করতে গেলে স্থানীয় তোফা ও তোফি নামে দুই ব্যক্তি বনরক্ষী নাজমুল হককে হাত–পা কেটে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি। একই সময়ে লুৎফর রহমানের ছেলে মশিউর রহমান বন বিভাগের অফিসের পাশে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পরদিন থেকেই একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র গোসাইগঞ্জের বন উজাড় করে চলেছে। ইতোমধ্যে বহু জায়গা ফাঁকা করে সেখানে চাষাবাদ শুরু হয়েছে। গাছ বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বন বিভাগ ও প্রশাসনের নীরবতার কারণে কেউই আগাতে চাইছে না—এমন অভিযোগও রয়েছে। ফলে প্রতিদিনই নির্বিঘ্নে চলছে গাছকাটা।
আরও সূত্র জানায়, একই চক্র দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি খনন করে বালু উত্তোলন করছে। পাশাপাশি মূল্যবান গাছ কেটে তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও হাইকোর্ট থেকে জামিন নিয়ে পুনরায় একই কার্যক্রম চালাচ্ছে।
অভিযুক্ত তোফা ও তোফি দাবি করে বলেন,
“বন গার্ড নাজমুল নিজেই গাছ কেটে বিক্রি করছিল। আমরা তাকে আটক করি। কোনো হুমকি দিইনি।”
অন্যদিকে বনরক্ষী নাজমুল হক বলেন,
“গাছ কাটার খবর পেয়ে উদ্ধার করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি দেয়। মশিউর আটককৃত শুকনো গাছে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরিবার নিয়ে চরম ভয়ে আছি। এভাবে চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই গোসাইগঞ্জে আর বন থাকবে না।”
বিট অফিসার মোরশেদ আলম বলেন,
“৫ আগস্টের পর থেকেই সংগঠিতভাবে বন উজাড় চলছে। কয়েক দফা অভিযানে আমাদের ওপর হামলা হয়েছে। মামলা করেও পুলিশ আসামি ধরছে না। তোফি, তোফা, মশিউর, জাহাঙ্গীরসহ অনেকেই এতে জড়িত। জনবল কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।”