মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫–কে সামনে রেখে চর রাজীবপুরে অনুষ্ঠিত হলো সচেতনতা বৃদ্ধি বিষয়ক গণসমাবেশ ও পালাগান। “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্য নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন, এলএফ এবং সদস্যদের সমন্বয়ে দিনব্যাপী র্যালি, আলোচনা, সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নারীদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের ওপর সহিংসতা এখন বড় সামাজিক সংকট, যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, ডিজিটাল সহিংসতা শুধুই প্রযুক্তিগত সমস্যা নয়, এটি নারীর মানসিক উন্নয়ন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্যরা স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন; তাঁদের সচেতনতাই ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বড় শক্তি হতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছবেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোছাঃ মাজেদা খাতুন এবং দক্ষিণ খঞ্জনমারা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোছাঃ মমতাজ বেগম। বক্তারা অনলাইন হয়রানি, অপমান, প্রতারণা, ব্ল্যাকমেইলসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পরিবার থেকেই শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর পক্ষ থেকে ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়নের কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
আলোচনা সভা শেষে নারী নির্যাতন প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে পালাগানের আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উপস্থিতিতে পরিবেশনা প্রাণবন্ত হয়ে ওঠে এবং ব্যাপক সাড়া ফেলে।
এ আয়োজনের আর্থিক সহায়তা করে Traidcraft Exchange ও European Union; বাস্তবায়নে ছিল গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।