মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন Nurul Islam Bulbul। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য পাসপোর্ট সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এ সময় অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পাসপোর্ট করতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন ভোগান্তির বিষয়ও জানতে চান তিনি।
পরিদর্শনকালে এমপি বুলবুল বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা, যা দেশের নাগরিকদের বিদেশগমন ও বিভিন্ন সরকারি কাজে অপরিহার্য। তাই এ সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের দালালচক্র, ঘুষ বা অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসে দীর্ঘসূত্রতা, দালালদের দৌরাত্ম্য কিংবা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হবে। জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে কর্মকর্তাদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এ ধরনের তদারকি ও নির্দেশনার ফলে পাসপোর্ট সেবায় স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত সেবা পাবেন।