মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান, জামায়াত নেতা ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলামসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। ভোটারদের সমর্থন পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন। এর ফলে ধীরে ধীরে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে এবং রাজনৈতিক তৎপরতা বাড়ছে।