মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:
পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ও ভোট ডাকাতির মতো ঘটনাসহ শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলের সব দুঃশাসনের ইতিহাস তুলে ধরা হবে “জুলাই স্মৃতি জাদুঘরে”।
শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানায়।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বৈঠকে জানান, আগামী ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যেই জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের যে বিভীষিকা, তার পূর্ণ চিত্র আমরা এই জাদুঘরে উপস্থাপন করছি। যেন ইতিহাস বিকৃত না হয়, বরং প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে সরাসরি গণভবন থেকে কীভাবে নিপীড়ন, দমন-পীড়ন ও নৃশংসতা চালানো হয়েছে।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্মাণকাজে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ জাদুঘরে যারা আসবেন, তারা যেন ৫ আগস্ট গণভবনে জনতার ঢলের প্রতিচ্ছবি অনুভব করতে পারেন। মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে শক্তি, সেটাই এ জাদুঘরের অন্যতম বার্তা হয়ে থাকবে।”
জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব জানান, এখানে ঘটনাগুলো ধারাবাহিকভাবে সাজানো হবে। “এটি হবে একেবারেই ইউনিক একটি জাদুঘর, যেখানে শেখ হাসিনার শাসনামলের কাহিনী সিকোয়েন্স আকারে উপস্থাপন করা হবে। দর্শনার্থীরা জানতে পারবেন তিনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন।”
তিনি আরও জানান, গুম বিষয়ক তদন্ত কমিশন ও আইসিটি প্রসিকিউশন টিমের সঙ্গে সমন্বয় করে নির্মাণকাজ এগোচ্ছে।
ফারুকী বলেন, “গুম-খুনের নির্দেশ দেওয়া বহু অডিও আমাদের হাতে এসেছে। এসব প্রমাণ জাদুঘরে সংরক্ষিত থাকবে। এমনকি গুম হওয়া পরিবারগুলোকে ডেকে এনে শেখ হাসিনা কীভাবে মিথ্যা আশ্বাস দিতেন, তার চিত্রও প্রদর্শিত হবে।”
জাদুঘরে একটি বিশেষ স্ক্রিনিং সেন্টার থাকবে, যেখানে জুলাই আন্দোলন ও ষোলো বছরের দুঃশাসন নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন—গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং জাতীয় জাদুঘরের গভর্নিং বডির চেয়ারপারসন মেরিনা তাবাসসুম।
এছাড়া জুলাই স্মৃতি জাদুঘরের গবেষক ও সহযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন—ড্যানিয়েল আফজালুর রহমান, কবি হাসান রোবায়েত, মালিহা নামলাহা, শিল্পী তেজশ হালদার জশ, মোসফিকুর রহমান জোহান, স্থপতি সালাউদ্দিন আহমেদ এবং সমন্বয়কারী হাসান এনাম।
(সুত্রঃ বাসস)