ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চন্দনচহট ফাড়াবাড়ি এলাকায় এঘটনা।অভিযোগ উঠেছে, বাবার বিক্রি করা জমি পুনরায় দখলে নেওয়ার চেষ্টা করছেন ছেলে ফয়জুল্লাহ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের বাসিন্দা ডা. রবিউল ইসলাম প্রায় এক বছর আগে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট ফাড়াবাড়ি এলাকার মোঃ সলেমান আলী নিকট বৈধভাবে ওই জমিটি ক্রয় করেন। জমি কেনার পর তিনি সেখানে প্রাচীর নির্মাণ করেন। তবে সম্প্রতি জমি বিক্রেতার ছেলে ফয়জুল্লাহ জমিটি পুনরায় দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে জমি ক্রেতা ও বর্তমান মালিক ডা. রবিউল ইসলাম বলেন, ” জমি বিক্রেতার ছেলের ইন্ধনে সৈয়দ আলী নামে জমি বিক্রেতার এক ভাতিজাকে দিয়ে আদালতে টাকা দাখিল করেছেন বলে তিনি জানতে পেরেছেন। এর ফলে জমির মালিকানা নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে।”
তিনি দাবি করেন, ‘আইনগত সব প্রক্রিয়া মেনে তিনি জমিটি ক্রয় করেছেন এবং প্রয়োজনীয় সব কাগজপত্র তার কাছে রয়েছে। কিন্তু এরপরও বিক্রেতার ছেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অন্যদিকে জমি বিক্রেতার ছেলে ফয়জুল্লাহর দাবি, জমি বিক্রির বিষয়টি নিয়ে তাদের আপত্তি রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
এদিকে ডা. রবিউল ইসলাম প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে ফয়জুল্লাহ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মারামারির অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে মারামারির কোন সত্যতা না পেয়ে জিজ্ঞাসা করলে পুলিশকে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দিতে বলেন ফয়জুল্লাহ। কাজ বন্ধ করার কোন এখতিয়ার নাই বলে জানান পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ডা. রবিউল ইসলাম।