মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার
রাজধানী ও জেলা শহরগুলোর পাশাপাশি ডোমার উজেলার প্রায় প্রতিটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং শিক্ষকদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন,
“জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে বা সহযোগিতার মাধ্যমে যদি সরকার ইতিবাচক সাড়া দেয়, আমরা বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব।”
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
অধ্যক্ষ আজিজী আরও বলেন,
“আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না।”
সংগঠনটির নেতারা জানান, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।
আন্দোলনের প্রভাব ইতিমধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের প্রায় সব এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান বন্ধ রয়েছে। নীলফামারীর ডোমার উপজেলাতেও একই চিত্র দেখা গেছে—সেখানে প্রায় সবকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।