মোঃ নাসির উদ্দিন
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের কাঁচারিপাড়া গ্রামে পাকা রাস্তা রূপ নিয়েছে কাঁদা মাটির সড়কে। পুকুর সংস্কারের নামে খনন করা মাটি রাস্তায় ফেলে দেওয়ায় প্রায় দেড় কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এখন আর কোনো যানবাহন তো দূরের কথা, গ্রামের মানুষদের জুতা বা স্যান্ডেল খুলে হেঁটে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের পাশেই অবস্থিত এক পুকুর থেকে মাটি তুলে বিক্রির কারণে এই ভোগান্তি। ওই পুকুরের মালিক কীটনাশক ও সার ব্যবসায়ী মুকুল ও তাঁর অংশীদাররা রাস্তার তোয়াক্কা না করে দেদারসে কাঁদা মাটি ফেলে চলেছেন। এ ঘটনায় পুরো গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছে।
বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি আরও নাজুক হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কাঁচারিপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়া পাকা রাস্তার পাশের পুকুরের দক্ষিণ পাশে ভেকু মেশিন বন্ধ অবস্থায় পড়ে আছে, দুটি ট্রাক্টর রাস্তার ওপর দাঁড়ানো, আর একজন শ্রমিক কোদাল দিয়ে রাস্তা পরিস্কার করতে গিয়ে রাস্তার খোয়া পাথরও তুলে ফেলছেন।
একাধিক গ্রামবাসী বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। এ সময় পুকুর খনন ও মাটি বহন করা একেবারেই অনুচিত। রাস্তায় কাঁদা পড়ে পুরো পথ পিচ্ছিল হয়ে পড়েছে। এমনকি কৃষকেরাও ধান কাটা ও মাড়াইয়ের কাজে বাড়তি ভাড়ার মুখে পড়ছেন।
এক মোটরসাইকেল চালক জানান, “সকালে কিছুই ছিল না। কিন্তু দুপুরের পর রাস্তায় এত কাদা যে মোটরসাইকেল নিয়ে চলা যাচ্ছে না।”
স্থানীয় ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জানাবেন। কিন্তু চেয়ারম্যান মোজাম্মেল হক খানের ফোন বন্ধ পাওয়া গেছে। পুকুর মালিক মুকুলকে ফোন করলে তিনি ‘রং নাম্বার’ বলে সংযোগ কেটে দেন।
তহসিলদার তানভীর আহমেদ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গ্রামবাসীর দাবি, রাস্তা দখল করে মাটি ফেলার এই অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে বর্ষা জুড়ে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।