মোঃ মকবুলার রহমান,নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা পুরো আয়োজন পরিচালনা করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প্রথমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদ সদস্যরা শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ শেষে প্রত্যেকে নির্ধারিত শপথপত্রে নিজ নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখসহ স্বাক্ষর করেন।
বিকেলে মন্ত্রিসভার শপথ
একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–কে শপথবাক্য পাঠ করাবেন। তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও একই অনুষ্ঠানে শপথ পড়ানো হবে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, শপথ আয়োজন ঘিরে প্রয়োজনীয় সব প্রশাসনিক ও প্রটোকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কঠোর নিরাপত্তা বলয়
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য। এছাড়া সোয়াট, বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এলাকায় মঙ্গলবার সকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সংক্রান্ত ডাইভারশন নির্দেশনা আগেই জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঐতিহাসিক প্রেক্ষাপট
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ আয়োজন দেশের সংসদীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন। অনুষ্ঠানে এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
নবগঠিত সংসদ ও সরকারকে ঘিরে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার আলোচনা শুরু হয়েছে।