বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তৌহিদ ইসলাম, তার মামা ফরহাদ রেজা ও খালু ফরহাদ হোসেন। ভুক্তভোগীদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার চরতিস্তা পাড়ায়।
সৌদি আরবে গিয়ে অর্থ আয়ের মাধ্যমে পরিবারের সচ্ছলতার স্বপ্ন ছিল তৌহিদ ইসলামের। খরচ বাদে ৭০ হাজার টাকা মাসিক বেতনের চাকরির স্বপ্ন দেখলেও
বাস্তবে সে স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে। কাজ তো জোটেনি, উল্টো ১১ দিন কাটাতে হয়েছে জেলের ভেতর। এখন নিঃস্ব হয়ে ফিরেছেন বাড়িতে।
কান্নাজড়িত কন্ঠে সৌদি ফেরত তৌহিদ ইসলাম বলেন, “৭০ পয়সাও বেতন পাইনি, উল্টো জেল খাটছি ১১ দিন,”।
তিনি বলেন, ‘স্থানীয় দালাল জাকির ও সফিকুল আমাকে সৌদি আরব পাঠিয়েছিল।
জানা যায়, ২০২৩ সালের এপ্রিলে স্থানীয় দালাল জাকির হোসেন ও সফিকুল ইসলামের প্রলোভনে তৌহিদের সাথে সৌদি আরব গিয়েছিলেন তার মামা ফরহাদ রেজা এবং খালু ফরহাদ হোসেন। ৭০ হাজার টাকা মাসিক বেতনের চাকরি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেন।
সৌদি পৌছানোর পর তারা বুঝতে পারে চাকরির ভিসা ছাড়াই তাদেরকে পাঠানো হয়েছে। অবৈধভাবে যাওয়ায় সৌদি পুলিশের কাছে ধরা খায় তৌহিদ এবং ১১ দিন জেল খাটার পর নি:স্ব হয়ে বাংলাদেশে ফিরলেও রেজা এবং ফরহাদ হোসেন এখনো সৌদিতে পুলিশের ভয়ে পলাতক থেকে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।
তৌহিদ বলেন, ” সৌদি আরবে পৌঁছালে মনির নামে এক ব্যক্তির কাছে আমাদের পাঠানো হয়। পরে মনির নিয়ে যায় শামীম নামে আরেকজনের কাছে। সেখানে নিয়ে যাবার পর প্রায় ছয় মাস আমাদের কোনো কাজ দেয়া হয়নি। সে সময় কোথাও বেরোতেও দেওয়া হয়নি। ঘরবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া সারা দিনে মাত্র এক বেলা খাবার দেওয়া হতো।’
তিনি আরও বলেন, ‘এরপর একটি রেস্টুরেন্টে শেফের কাজ দেয়া হয় আমাকে ও খালুকে। কিন্তু আট মাস কাজ করিয়ে নেবার পর কোনো বেতন দেয়া হয়নি। এমনকি বেতন চাইলে অবৈধ হিসেবে সৌদি পুলিশে খবর দেয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। পুলিশ আসার আগেই খালু পালিয়ে গেলেও আমি পুলিশের হাতে ধরা পড়ি।’
সৌদি থেকে মুঠোফোনে তৌহিদ ইসলামের মামা ফরহাদ রেজা সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা সৌদি এসে ফেঁসে গেছি। সারাক্ষণ পুলিশের ভয়ে পালিয়ে থাকি। পুলিশকে ফাঁকি দিয়ে কখনো কারো বাড়িতে কাজ করে নিজের খাবার জোগাড় করি। টাকার অভাবে দেশে ফিরতে পারছি না।’
এদিকে, ১১ দিন জেল খেটে, মুক্তি পেয়ে অসুস্থ অবস্থায় গত ১১ সেপ্টেম্বর সৌদি এম্বাসির মাধ্যমে দেশে ফেরেন তৌহিদ। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দালালের কাছে টাকা ফেরতের এবং সৌদিতে আটক আত্মীয়দের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
কিন্তু দালাল চক্র টাকা ফেরতে অস্বীকার করায় তৌহিদের মা মোছা: দলেনা বেগম গত ৩০ মে পঞ্চগড় আদালতে জাকির হোসেন ও সফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। বর্তমানে জাকির ও সফিকুল জেলে আছেন বলে জানা গেছে।