নয়ন রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের ফার্মগেট এলাকার তা’লিমুল কুরআন নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসার জামে মসজিদে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
আজ তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামে মসজিদের পুনর্নির্মাণে সরকারি অনুদান প্রদানের আশ্বাস দেন ইউএনও।
এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, সরকার সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত সময়ের মধ্যেই প্রদান করা হবে।
স্থানীয় মুসল্লি ও মাদ্রাসা কর্তৃপক্ষ ইউএনও’র এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন ।