বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে উপজেলার অন্যতম সক্রিয় মাদক কারবারি বাবলা রহমান।
আটক বাবলা রহমান জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা এলাকার মুলিপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে দেবীগঞ্জ উপজেলার খয়েরবাগান রাস্তায় পশ্চিম পাশের কলাবাগান এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় লোকজন বাবলাকে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযানকালে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের ধারণা, এগুলো সে স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে এনেছিল।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন,
> “স্থানীয়দের সহযোগিতায় এই সফল অভিযান সম্ভব হয়েছে। আটক বাবলা রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ (রবিবার, ১০ আগস্ট) সকালে আদালতে প্রেরণ করা হবে।”
মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।