বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়েনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক গোবিন্দ চন্দ্র রায়, সোনাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কাণ্ডারী। তোমাদের সাফল্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের জন্য গর্বের। তবে শুধুমাত্র ভালো ফল করাই যথেষ্ট নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান বলেন, “আমাদের ইউনিয়নের শিক্ষার্থীরা প্রতি বছর ভালো ফল করছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং তোমরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সোনাহার ইউনিয়নের গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২৯ জন, খারিজা সোনাহার উচ্চ বিদ্যালয়ের ১১ জন, সৃজনশীল স্কুল এন্ড কলেজের ৭ জন, সোনাহার উচ্চ বিদ্যালয়ের ৩ জন এবং বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।