বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের প্রাচীনতম দেবীডুবা দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় মন্দির প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এদেশের প্রত্যেকটি ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
মন্দির কমিটির সভাপতি বাবু নৃপেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরেশ চন্দ্র রায় প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপী এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকার, সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম প্রধান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সিদ্দিক প্রধান, জেলা হিন্দু কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রেমাশীষ রায়সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীডুবা দূর্গা মন্দিরটি ইউনিয়নের সবচেয়ে পুরাতন দূর্গা মন্দির। এ মন্দিরে আশপাশের কয়েকটি গ্রামের সনাতনী ভক্তবৃন্দ নিয়মিত পূজা-অর্চনা করে থাকেন।