বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি মেলা–২০২৫” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সুবোধ চন্দ্র রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন,
ক্লাইমেট স্মার্ট কৃষি এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কৃষি ব্যবস্থাকে হতে হবে আরও আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব। এই মেলা আয়োজনের মাধ্যমে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও অভিযোজন কৌশল সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
মেলায় ১০টি স্টলে প্রদর্শন করা হচ্ছে
জলবায়ু সহনশীল ফসল, আধুনিক কৃষি যন্ত্রপাতি, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা, জৈব সার ও বালাই ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি ১০ টি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা মেলায় ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় থাকছে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা এবং বিশেষজ্ঞদের পরামর্শ প্রদানের সেশন, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।