বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপির প্রায় ৭ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। তারা পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা ও দর্শনার্থীদের সহযোগিতায় দায়িত্ব পালন করবেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দেবীগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, দুই উপজেলার ২০৯টি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ ও প্রতিটি মণ্ডপে হেল্প ডেস্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় প্রধান আলোচক বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ বলেন, “দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে।”
জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, “বিএনপির স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এতে পূজার পরিবেশ আরও নিরাপদ ও সুষ্ঠু হবে।”
আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব, যা বিজয়া দশমীতে সমাপ্ত হবে। ইতিমধ্যে পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে প্রস্তুতির ব্যস্ততা চলছে।