মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৪ লাখ ৭ হাজার ৫০৪ জন। ইউএনবি সুত্রে এমনটি জানা গেছে । রবিবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এ মুহূর্তে দেশের ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ এবং নারীর সংখ্যা ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
ইসি সচিব আরও জানান, এই বছর (২০২৫) কমিশন মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে। এর মধ্যে প্রথমটি ২ মার্চ, দ্বিতীয়টি আজ (৩১ আগস্ট) এবং শেষ সম্পূরক তালিকা ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।
গত ২ মার্চ প্রকাশিত হালনাগাদ তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। সেই সময় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ছিল ৯৯৪।
রবিবারের হালনাগাদ তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ বৃদ্ধি পেয়েছে। নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন, আর বিভিন্ন কারণে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
সচিব আরও জানান, চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের জন্য একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার পর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারিত হবে।
তিনি যোগ করেন, আগামী নির্বাচনে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশ ও ভোটাধিকারের সুবিধা নিশ্চিত করতে কমিশন একটি প্রস্তাবনা তৈরি করছে। এছাড়া শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটারদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে উন্নয়ন অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে, এবং কিছু প্রস্তাব এখনও যাচাই প্রক্রিয়াধীন।