মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে নারীর আর্থসামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সমতা নারী উন্নয়ন সংস্থা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সংস্থাটি ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলাকে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করেছে।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টায় সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। প্রধান অতিথি ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি মোঃ আসলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামাল সুকরানা, নারী উদ্যোক্তা হোসনে আরা বেগম (হ্যাভেন বুটিক, ধাইনগর) এবং উদ্যোক্তা শামীমা বেগম।
প্রকল্পটির আওতায় নারীরা সেলাই প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি আয়মুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। আয়োজকেরা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৬ষ্ঠ পর্যায়ের এই অর্থায়ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন—
“দরিদ্র ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। প্রতিটি এনজিওর উচিত আরও বেশি নারীকে প্রশিক্ষণের আওতায় আনা, যাতে তারা আত্মনির্ভর হয়ে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
এই উদ্যোগ শুধু সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং নারীদের সামগ্রিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে সহায়ক হয়ে উঠবে।