বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ইব্রাহিম আলী (৪৮)।
মঙ্গলবার (১৭ জুন) রাতে পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পৌর শহরের ব্যারিস্টার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভাই-বোন ফার্মেসী থেকে ইব্রাহীমকে আটক করা হয়।
আটকের পর মোলানিপাড়া এলাকার তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জানা যায়, আটক ইব্রাহিম তার ফার্মেসির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
আটকের পর ইব্রাহিম আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, ‘সেনাবাহিনী দেশের সর্বত্র মাদকবিরোধী অভিযান অব্যহত রয়েছে। আজকের এ অভিযানে ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’