নয়ন রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. কামরুল হাসান প্রধান।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. কামরুল হাসান প্রধান বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন এ দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। তাই আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বোদা উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, সেক্রেটারি জান্নাতুল বারী মানিক, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি শাহ-পরান সুজনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।