মোঃ মকবুলার রহমান,নিজস্ব প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির গোসাইগঞ্জে মানবিকতা ও ধর্মীয় চেতনার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ‘অরফান’স ট্রাস্ট গোসাইগঞ্জ’। প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটি আবারও প্রমাণ করেছে—সমাজসেবা ও মানবকল্যাণই তাদের প্রধান লক্ষ্য।
বুধবার (১৮ মার্চ) গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা, অসহায়দের মাঝে পোশাক বিতরণ, দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়। এতে স্থানীয়দের মধ্যে এক ধরনের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফফাজুল কুরআন ফাউন্ডেশন রংপুর-২ জোনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মূর্তাজা হাসান। ট্রাস্টের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন (রাজু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, হাফেজ ও ওলামায়ে কেরামগণ। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক দেলোয়ার হোসেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এতিম ও অসহায় মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রায় তিন শতাধিক মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছোট উদ্যোগ থেকে বড় সামাজিক শক্তি
২০১২ সালে মাত্র ২০ জন সদস্য এবং ২০ টাকা মাসিক চাঁদা দিয়ে যাত্রা শুরু করে এই সংগঠনটি। সময়ের পরিক্রমায় এটি এখন একটি সুসংগঠিত সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে ৩ সদস্যের কার্যকরী কমিটি, ৪ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৩৫ জন স্থায়ী ও সহযোগী সদস্যের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ১৪ বছরে সংগঠনটি নিয়মিতভাবে এতিম ও দুস্থদের সহায়তায় কাজ করে যাচ্ছে। প্রতি বছর রমজানে পোশাক বিতরণের পাশাপাশি চলতি বছরে ৫৯ জন শিক্ষার্থীকে ঈদ উপলক্ষে নগদ সহায়তাও দেওয়া হয়েছে।
২০২৪ সাল থেকে নিয়মিতভাবে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করে আসছে ট্রাস্টটি। ২০২৬ সালে ২১টি মাদ্রাসা থেকে ৪০ জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে , যেখানে চূড়ান্তভাবে ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এছাড়া প্রতিবছর ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করছে সংগঠনটি। গত ১৪ বছরে প্রায় ৩ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করেছে তারা।
দুর্যোগেও থেমে থাকেনি কার্যক্রম
করোনাকালীন দুর্যোগেও সংগঠনটির কার্যক্রম অব্যাহত ছিল। ২০২০ সালে স্বাস্থ্যবিধি মেনে ১১০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি দুর্ঘটনা ও জরুরি চিকিৎসার ক্ষেত্রেও সংগঠনটি নিয়মিত সহযোগিতা দিয়ে আসছে।
সংগঠনের তথ্যমতে, গত ১৪ বছরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে তাদের ব্যয় হয়েছে ১৭ লক্ষ টাকারও বেশি। ৭ জন সভাপতি, ৯ জন সাধারণ সম্পাদক এবং ৭ জন কোষাধ্যক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আজকের অবস্থানে পৌঁছেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশা
সংগঠনের সভাপতি রেজাউল করিম বলেন, “সামান্য পরিসরে শুরু হলেও আল্লাহর অশেষ রহমতে আমরা আজ বহু মানুষের পাশে দাঁড়াতে পারছি। ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।”
স্থানীয়দের মতে, ‘অরফান’স ট্রাস্ট গোসাইগঞ্জ’ কেবল একটি সংগঠন নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য প্রতীক—যা আগামী দিনেও সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।