মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার রাজশাহী
ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। ক্ষমতার রাজনীতির ছত্রছায়ায় বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তার এ বহাল থাকা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে—এই প্রকৌশলীর খুঁটির জোর কোথায়?
সূত্র বলছে, শেখ হাসিনা সরকারের আমলে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী গোপালকৃষ্ণ দেবনাথের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে জহুরুল ইসলাম এই লোভনীয় পদে আসীন হন। আওয়ামী ঘরানার স্লোগানে বিশ্বাসী হলেও তিনি এখন সুবিধাবাদী খোলসে নিজেকে রূপান্তরিত করেছেন।
২০২৫ সালের ২৯ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম তার অফিসে হঠাৎ অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে থাকা রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, “ঠিকাদারদের বিল ছাড়ের ক্ষেত্রে ঘুষ নেওয়ার স্পষ্ট অভিযোগ পেয়েছি। কাগজপত্র যাচাই করে প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা মিলেছে।”
তিনি আরও জানান, বেশিরভাগ প্রকল্পে চুক্তিবদ্ধ ঠিকাদার নিজেরা না করে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করাচ্ছেন, যা আইনগতভাবে গুরুতর অপরাধ। একাধিক প্রকল্পে এই ধরণের অনিয়ম মিলেছে।
এছাড়া রাজশাহীতে দায়িত্ব গ্রহণের পর থেকেই জহুরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দলীয় লোকদের বিশেষ সুবিধা প্রদান, রাতের আঁধারে গোপন বৈঠক, এবং দলীয় ঠিকাদারদের নামে বড় কাজ চুক্তিবদ্ধ করার অভিযোগ উঠেছে। কিন্তু এসব অভিযোগ সত্ত্বেও তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা গেছে, এলজিইডিতে বর্তমান সময়েও আওয়ামীপন্থী চক্র সক্রিয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে জহুরুল ইসলামের মতো ব্যক্তি দুর্নীতির পাহাড় গড়ে তুললেও প্রভাবশালী মহলের ছায়ায় থেকে যাচ্ছেন বহাল তবিয়তে।
এ অবস্থায় স্থানীয় ঠিকাদার ও সচেতন মহল প্রশ্ন তুলছেন—ফ্যাসিস্ট সরকারের পতনের কয়েক মাস পেরিয়ে গেলেও কেন এমন দোসরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এলজিইডির প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের মতামত নিতে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কোনো বক্তব্য না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।