মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউএনবি সুত্রে এমনটি জানা গেছে ।
বৈঠকে চলমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। ড. ইউনূস সেনাবাহিনীর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং এ সহযোগিতাকে আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আমি জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন উপহার দেওয়ার—যেখানে ভোটারদের উপস্থিতি, নারী ও নতুন ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক আস্থার দিক থেকে এটি হবে অনন্য। এই নির্বাচন গণতন্ত্র ও আইনের শাসনের এক মহোৎসবে রূপ নেবে।”
প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারের সকল পদক্ষেপ সফল করতে সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”