মোঃ মশিয়ার রহমান
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:
স্বপ্ন দেখার অধিকার সবার থাকলেও তা পূরণের সুযোগ সবার কপালে জোটে না। অর্থের অভাবে অনেক প্রতিভাই ঝরে পড়ে সময়ের আগেই। তবে নীলফামারীর ডিমলা উপজেলার মেধাবী শিক্ষার্থী প্রমিজ বাবুর ক্ষেত্রে গল্পটা ভিন্নভাবে মোড় নিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থসংকট, কিন্তু সেই সংকটের দেয়াল ভেঙে সামনে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় স্থান পান প্রমিজ। কিন্তু ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচের অভাবে উচ্চশিক্ষার স্বপ্নটা ধূলিসাৎ হতে চলেছিল। এমন সময় আজকের পত্রিকার ডিমলা প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পারেন ইউএনও। এরপর আর দেরি করেননি তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজ কার্যালয়ে ডেকে প্রমিজ বাবুকে ভর্তি খরচ বাবদ নগদ ১৩ হাজার টাকা প্রদান করেন ইউএনও ইমরানুজ্জামান। শুধু অর্থসাহায্য নয়, ভবিষ্যতেও প্রমিজের শিক্ষাজীবনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।
প্রমিজ বাবু ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া এলাকার দিনমজুর রশিদুল ইসলাম ও গৃহিণী রিনা বেগমের সন্তান। অদম্য ইচ্ছাশক্তি আর মেধায় প্রতিটি শিক্ষাস্তরে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি, এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৪.৫০। তাঁর স্বপ্ন ছিল উচ্চশিক্ষার মাধ্যমে জীবনে বড় কিছু করার।
ইউএনওর সহায়তা পেয়ে আবেগে কেঁপে ওঠে প্রমিজের কণ্ঠ, “আমি কখনো ভাবিনি ইউএনও স্যার নিজে ডেকে নিয়ে এমন সহযোগিতা করবেন। এটা শুধু আমার জন্যই না, আমার পরিবারের জন্যও এক বিশাল স্বস্তি। আমি চাই, একদিন এমন একজন মানুষ হতে যিনি অন্যদের পাশে দাঁড়াতে পারবেন।”
ইউএনও ইমরানুজ্জামান বলেন, “প্রমিজ একজন মেধাবী শিক্ষার্থী। ওর স্বপ্ন যেন টাকার অভাবে নষ্ট না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা নয়, সমাজের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। আমি চেষ্টা করব, ওর পাশে সবসময় থাকার।”
স্থানীয় সচেতন মহল ইউএনওর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা মনে করেন, সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তা যদি এমন দায়িত্ববোধ থেকে কাজ করেন, তাহলে প্রতিভা আর অভাবের দ্বন্দ্বে আর কেউ হেরে যাবে না।
এই উদ্যোগ একদিকে যেমন প্রমিজের স্বপ্নপূরণের পথ তৈরি করেছে, তেমনি সমাজকে দিয়েছে এক সাহসী বার্তা—মানবিকতা এখনও বেঁচে আছে, মানুষ মানুষের জন্য দাঁড়ায় বলেই পৃথিবী এখনও বাসযোগ্য।