মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে উমর আলী (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনাটি ঘটে।
নিহত উমর আলী ওই গ্রামের মৃত উলফত হোসেন ওরফে উফারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উমর আলী তার দুলাভাই আমিরুল ইসলামকে ধানক্ষেতে কীটনাশক স্প্রে করার জন্য জমি দেখাতে নিয়ে যান। কাজের সুবিধার্থে জমি দেখিয়ে দেওয়ার পর উমর আলী মাঠের পাশের একটি আমগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। প্রায় আধা ঘণ্টা পর কাজ শেষ করে দুলাভাই ফিরে এসে উমরকে না পেয়ে ধারণা করেন, তিনি হয়তো বাড়ি ফিরে গেছেন। কিন্তু রাত পর্যন্ত উমর আলী বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অবশেষে ধানক্ষেতের পাশের একটি খালের ঝোপের মধ্যে তার মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই করে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, উমর আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তিন বছর আগে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হলেও পথে তার দুলাভাই সোহরাব হোসেন চেন্নাইয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। পরে উমর আলীকে দেশে ফিরিয়ে এনে পুনরায় চিকিৎসা করানো হয়েছিল।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, মৃগীর খিঁচুনিতে আক্রান্ত হয়ে তিনি অসাবধানতাবশত খালে পড়ে যান এবং তাতেই মৃত্যু ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিহত উমর আলীর মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। মৃগী রোগের কারণে তিনি পানিতে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”