মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বোর্ডের আওতাধীন বিডি–১৩ নম্বর গভীর নলকূপের একাধিক আউটলিটার ভাঙা থাকায় কৃষকদের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর নলকূপটির ৮ থেকে ১০টি আউটলিটার ও ট্যাংকি প্রায় ৮–১০ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙা আউটলিটার দিয়ে অনিয়ন্ত্রিতভাবে পানি বের হয়ে আশপাশের ফসলি জমিতে জমে যাচ্ছে। এতে গম, সরিষা ও ভুট্টাসহ বিভিন্ন মৌসুমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আউটলিটারগুলোর মুখে মাটিভর্তি বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করা হলেও তা কার্যকর হচ্ছে না। ফলে প্রতিবার সেচের সময় অতিরিক্ত পানি জমিতে ঢুকে ফসল ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের দাবি, এতে প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার ফসল নষ্ট হচ্ছে। তারা প্রশ্ন তুলেছেন—এই ক্ষতির দায়ভার কে নেবে? গভীর নলকূপের সংস্কার কি বরেন্দ্র কর্তৃপক্ষের দায়িত্ব, নাকি কৃষকদের?
বিডি–১৩ নম্বর গভীর নলকূপের অপারেটর ইয়াসিন আলী বলেন, “আমি একাধিকবার বরেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বোর্ডের এসও মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ঠাকুরগাঁও জেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমসের আলী মুঠোফোনে জানান, বিষয়টি জেনেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বালিয়াডাঙ্গী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত মেকানিক্যাল এসও তোফাজ্জল বলেন, “বরেন্দ্রের বাজেট সংকটের কারণে আপাতত সংস্কার কাজ করা সম্ভব হয়নি। পরবর্তী বাজেট এলে মেরামতের কাজ করা হবে।”
দ্রুত ভাঙা আউটলিটারগুলো সংস্কার করে কৃষকদের ফসল রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকার কৃষকরা।