মোঃ আব্দুল রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। জানা গেছে, রিশাদের বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকেন। সে দাদীর কাছে থাকত। শনিবার সকালে বাড়ির উঠানে খেলছিল রিশাদ। এ সময় দাদী ঘরের কাজে ব্যস্ত থাকায় শিশুটি অজান্তে বাড়ির বাইরে চলে যায়।
পরে বাড়ির পাশের জাবেদ খাল নামে একটি নিচু জমিতে মাছ চাষের জন্য রাখা পানিতে পড়ে যায় রিশাদ। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আহাত আলী।