হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা,নীলফামারী প্রতিনিধি:
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণ রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী নীলফামারীর জলঢাকার কৃতি সন্তান মাহরিন চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে।
মাহরিন চৌধুরী ছিলেন জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সদস্য। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি হিসেবেও পরিচিত।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে হাজারো মানুষ অংশ নেন। জানাজার পূর্বে ঢাকা থেকে মরদেহ আসার পর অসংখ্য মানুষ একনজর দেখতে ভিড় করেন তার পিত্রালয়ে।
জানাজার নামাজ শেষে মাহরিন চৌধুরীকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।
জানাজাপূর্ব বক্তৃতায় তার স্বামী মনসুর চৌধুরী বলেন,
> “আমার স্ত্রী শুধু একজন শিক্ষিকাই নন, তিনি ছিলেন এই এলাকার শিক্ষা বিস্তারের এক নিবেদিত প্রাণ। বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজে তিনি সভাপতি হিসেবে কাজ করছিলেন। আপনাদের ভালোবাসাই প্রমাণ করে তিনি কতটা প্রিয় ছিলেন এই জনপদে। আজকের এই দুঃসময়ে পাশে থাকার জন্য আমি ও আমার পরিবার চিরঋণী।”
জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন,
> “মাহরিন চৌধুরী ছিলেন একজন আলোকিত নারী। অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি, বরং শিক্ষার আলো ছড়াতে নিরলস কাজ করেছেন।”
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, স্থানীয় শিক্ষক, রাজনীতিক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাহরিন চৌধুরী হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।