মোঃ সাজেদুর রহমান,
রংপুর বিশেষ প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে ১৫২ জন সদস্যের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
ইউএনও জিল্লুর রহমান বলেন,
“এই বাইসাইকেলগুলো আপনাদের দায়িত্ব পালনে সহায়ক হবে। সাইকেলগুলো যত্নসহকারে ব্যবহার করতে হবে এবং নষ্ট হলে মেরামত করতে হবে। উপজেলা প্রশাসন নিয়মিত খোঁজখবর নেবে। সাধারণত পাঁচ থেকে সাত বছর পর নতুন সাইকেল বরাদ্দ আসে, তাই ততদিন এগুলো ভালোভাবে রাখতে হবে।”
তিনি আরও জানান, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ থেকে এই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর লক্ষ্য হলো ইউনিয়ন পরিষদের কাজ দ্রুত সম্পন্ন করা, পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন কার্যক্রম এবং অপরাধ দমনসহ মাঠপর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশকে আরও সক্রিয় করা।
বাইসাইকেল পাওয়া একাধিক গ্রাম পুলিশ সদস্য জানান, এ উদ্যোগ তাদের কাজের গতি বাড়াবে এবং তথ্য পৌঁছাতে সময় বাঁচবে। এতে গ্রামে গ্রামে ইউনিয়ন পরিষদের কার্যক্রম দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মোট ১৫২টি বাইসাইকেল বিতরণ করা হলেও পদ শূন্য থাকায় আরও ১৮টি বাইসাইকেল পরবর্তী সময়ে নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশদের দেওয়া হবে বলে জানা গেছে।