মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে শুরু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হন। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকটি ‘ওয়ান-টু-ওয়ান’ হওয়ার সম্ভাবনার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে আলোচনায় আরও কেউ উপস্থিত থাকতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন।
এই বৈঠককে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শফিকুল আলম বলেন, “নির্বাচনের প্রাক্কালে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎ। একজন অন্তর্বর্তী সরকারের প্রধান, অন্যজন সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতৃত্বে—তাদের এই আলোচনায় নির্বাচনকালীন সংকটসহ গুরুত্বপূর্ণ সব ইস্যু উঠে আসবে বলেই প্রত্যাশা।”
সংশ্লিষ্ট মহলের মতে, এই বৈঠকের মধ্য দিয়ে আগামী নির্বাচনের সময়সূচি, রাজনৈতিক সমঝোতা এবং চলমান অচলাবস্থা নিরসনের পথ উন্মুক্ত হতে পারে।