অনলাইন ডেস্ক:
বাংলাদেশের রাজনীতির এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটিয়ে ইন্তেকাল করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুকালে খালেদা জিয়ার শয্যাপাশে উপস্থিত ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলী রহমান সিঁথি।
পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার ও তাঁর স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ স্বজনরা। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, জানাজা ও দাফনের সময়সূচি পরে বিস্তারিতভাবে জানানো হবে।
দীর্ঘদিনের শারীরিক জটিলতা
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। এছাড়া কিডনি, ফুসফুস, হৃদ্যন্ত্র ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তাঁর। সম্প্রতি হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারকি করছিল। চলতি মাসের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় তা সম্ভব হয়নি।
রাজনৈতিক জীবনের সূচনা ও উত্থান
খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেন তিনি। তাঁর শাসনামলেই দেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনর্বহাল হয় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়।
১৯৯১, ১৯৯৬ ও ২০০১—এই তিন মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টানা তিনটি জাতীয় নির্বাচনে পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়লাভ করেন।
ব্যক্তিজীবন ও শৈশব
১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর শৈশব কেটেছে দিনাজপুরে। তিনি দিনাজপুর মিশনারি স্কুল ও দিনাজপুর গার্লস স্কুলে পড়াশোনা করেন। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন ব্যবসায়ী এবং মা তায়েবা মজুমদার ছিলেন গৃহিণী। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম ছিল ‘পুতুল’।
১৯৬০ সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানকে বিয়ে করেন। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান যুদ্ধে অংশ নিলে খালেদা জিয়াকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে। স্বাধীনতার পর তিনি মুক্তি পান।
‘আপসহীন নেত্রী’ হিসেবে প্রতিষ্ঠা
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি নেতৃত্ব সংকটে পড়লে রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮৪ সালে দলের সহসভাপতি এবং একই বছর চেয়ারপারসন নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের মধ্য দিয়েই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান।
মামলা, কারাবাস ও মুক্তি
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়।
চলতি বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁকে দণ্ডমুক্ত ঘোষণা করলে খালেদা জিয়া সম্পূর্ণ মুক্তি পান।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। তাঁর মৃত্যুতে একটি যুগের পরিসমাপ্তি ঘটল।