মোঃ মকবুলার রহমান ,স্টাফ রিপোর্টার
(সুত্র:বাসস)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আমরা আজ ভোটকেন্দ্রের খসড়া হিসাব তুলে ধরছি। ১০টি অঞ্চলের আওতাভুক্ত ৬৪ জেলায় মোট ৩০০ আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। এ হিসেবে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণে এবার মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে।”
সিনিয়র সচিব আরও জানান, প্রতিটি কেন্দ্রে আলাদাভাবে পুরুষ ও নারীদের জন্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। গড়ে ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং ৫০০ নারী ভোটারের জন্য একটি কক্ষ থাকবে। ফলে এবার পুরুষ ভোটকক্ষ হবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারী ভোটকক্ষ দাঁড়াবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ হবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। তুলনামূলকভাবে এবার কেন্দ্রের সংখ্যা বেড়েছে, তবে ভোটকক্ষ কিছুটা কম প্রস্তাব করা হয়েছে।
আখতার আহমেদ জানান, প্রকাশিত খসড়া তালিকা নিয়ে আপত্তি ও দাবির সুযোগ থাকবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এসব নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। পরবর্তীতে ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করবে ইসি।
সুত্র:বাসস