মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারদিন ৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কলেজছাত্র মিজানুর রহমান মিজু মারা গেছেন। শনিবার সকাল ১১টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে তার চাচাত ভাই ফয়সাল কবির নিশ্চিত করেছেন।
কলেজছাত্র মিজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বাবুগজ গ্রামের আলমের ছেলে। মিজানুর রহমান মিজু দিনাজপুর সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্বজনরা জানান, পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেন কলেজছাত্র মিজানুর রহমান মিজু। গ্রাম থেকে দিনাজপুর সরকারি কলেজে পড়াশোনা ও ব্যবসায়ীক কাজে মত মিজু যাতায়াত করতো মোটরসাইকেলে। গত মঙ্গলবার (৭ অক্টোবর) বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে দিনাজপুর যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় একটি পাম্পে গাড়ীতে পেট্টোল নেওয়ার জন্য রাস্তার ধারে থেমেছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। এসময় গুরুতর আহত হন মিজানুর রহমান মিজু।
আহত অবস্থায় স্থানীয়রা মিজানুর রহমানকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করান। সেখানে ২৪ ঘন্টা লাইফ সাপোটে ছিল কলেজছাত্র মিজু। সেখানে তার জ্ঞান না ফেরায় পরেরদিন বুধবার দিনাজপুর থেকে হেলিকাপ্টার যোগে পরিবার তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে আরও ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার সকালে না ফেরার দেশে চলে গেছে মিজানুর রহমান মিজু।
মিজানুরের চাচাতো ভাই ফয়সাল কবির জানান, বিকালে তার মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্য রওয়ানা দিবেন তারা। মিজুর মৃত্যুর খবরে এলাকার শোক নেমে এসেছে।