অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৩৬ জনের প্রাণহানির ঘটনার কারণ হিসেবে পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি দায়ী ছিল— তদন্তে এমন তথ্য উঠে এসেছে।
দুর্ঘটনার তিন মাস পর আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে তদন্ত প্রতিবেদন জমা দেন বিমান দুর্ঘটনা অনুসন্ধান কমিশনের সদস্যরা।
পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রতিবেদনের মূল অনুসন্ধান ও কিছু সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, “তদন্তে প্রমাণিত হয়েছে যে যুদ্ধবিমানের উড্ডয়ন পর্যায়ে পাইলটের নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনাটি ঘটে। প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় পরিস্থিতি সম্পূর্ণ তাঁর আয়ত্তের বাইরে চলে যায়।”
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩৬ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। নিহতদের মধ্যে ছিলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও।
ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে দুর্ঘটনার পটভূমি, কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মানবিক ত্রুটির পাশাপাশি প্রশিক্ষণ নিরাপত্তা প্রটোকলে কিছু ঘাটতিও চিহ্নিত করা হয়েছে এবং তা সংশোধনের জন্য বিমান বাহিনীকে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য সূত্রঃ বাসস