এম এ ওয়াহেদ ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় কৃষি জমির উর্বর টপ সয়েল, সরকারি খাল ও নালা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির ভয়াবহ উৎসব চলছে। কৃষি জমি শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়—এটি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম ভিত্তি। অথচ প্রতি বছর শীত মৌসুম এলেই লাখাইয়ের বিভিন্ন হাওরে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ মাটি লুটেরা চক্র।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এক্সেভেটর দিয়ে ফসলি জমির উপরিভাগের মূল্যবান টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। পরে ট্রাক্টর ও ট্রাকযোগে সেই মাটি উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন করা হয়। অভিযোগ রয়েছে, এসব মাটির বড় একটি অংশ ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে একশ্রেণির অবৈধ মাটি উত্তোলনকারী সিন্ডিকেট সরকারি খাল-নালা, ব্যক্তি মালিকানাধীন পুকুর ও ফসলি জমি থেকে মাটি কেটে উপজেলা ও উপজেলার বাইরের এলাকায় বিক্রি করে আসছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার করাব, মোড়াকরি, বামৈ, মুড়িয়াউক ও বুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে প্রকাশ্যেই ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করা হচ্ছে। কিছু ভূমি মালিক সাময়িক লাভের আশায় জমির উর্বর মাটি বিক্রি করছেন, আবার কেউ মাছ চাষের নামে কৃষিজমিতে পুকুর খননের অজুহাতে নামমাত্র মূল্যে মাটি তুলে দিচ্ছেন। এতে মাটি খেঁখো চক্রের পোয়াবারো হলেও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে কৃষি ও পরিবেশ। এক জমির মাটি কাটার ফলে আশপাশের একাধিক জমিতে ফসল উৎপাদন হুমকিতে পড়ছে।
উপজেলা জুড়ে এক্সেভেটর ও ড্রেজার মেশিন দিয়ে উত্তোলিত মাটি ব্যবহার করে সরকারি খাল, কৃষিজমি ও জলাশয় ভরাট করা হচ্ছে। এতে সরকারি জমি বেদখল হচ্ছে, খাল-নালা বন্ধ হয়ে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে।
গত কয়েক দিনে উপজেলা প্রশাসন কয়েকটি অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছু মাটি ব্যবসায়ী ও পরিবহনে ব্যবহৃত ট্রাকচালককে অর্থদণ্ড দিলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং অভিযোগ রয়েছে, জরিমানার পর মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে দিন-রাত সমানতালে মাটি উত্তোলন ও পরিবহন জোরদার করেছে। সীমাবদ্ধতার কারণে প্রশাসনের পক্ষেও কার্যকরভাবে লাগাম টানা সম্ভব হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, মাটি উত্তোলন ও পরিবহনের কারণে উপজেলা ও আন্তঃইউনিয়ন সড়কসহ আঞ্চলিক মহাসড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। কোথাও কোথাও মাটি ব্যবসায়ীরা নিজেদের সুবিধামতো সড়ক কেটে ডাইভারশন তৈরি করে ট্রাক্টর চালাচ্ছে। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, সিংহগ্রামের আব্দুল কুদ্দুস চৌধুরী, পূর্ব সিংহগ্রামের জুবায়ের আহমেদ ও ভাদিকারা গ্রামের ইউপি সদস্য কেএম জিয়াসহ একাধিক ভুক্তভোগী বলেন, মাটিবাহী ট্রাক্টরের কারণে রাস্তা ভেঙে গেছে, রাতে ঘুমানো যাচ্ছে না। বাড়িঘর সড়ক লাগোয়া হওয়ায় সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে। তারা আরও জানান, মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী ও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “জনবল সংকটের কারণে সময়মতো কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে অচিরেই জেলা থেকে একজন সহকারী কমিশনার এনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে কঠোর অভিযান ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে লাখাইয়ের ফসলি জমি, পরিবেশ ও জনজীবন ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।