• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি

এম এ ওয়াহেদ / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৮ বছর বয়সী শিশু মানছুরা হত্যার ঘটনায় ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। দরিদ্র দিনমজুর পরিবারের এই শিশুর মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি তদন্তে নেমে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ।

মানছুরা ছিল কেনু মিয়ার ছোট মেয়ে। তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে সে ছিল সবার ছোট। গত ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সে বাড়ি থেকে বের হয় গরুর জন্য ঘাস কাটতে। মা রওশন আরা তাকে ভাত খেয়ে যেতে বললেও মানছুরা জানায়, আগে ঘাস কেটে এসে গোসল করে তারপর খাবে। কিন্তু সেই ভাত আর খাওয়া হয়নি।
রওশন আরা বলেন, “সেদিন সন্ধ্যা পর্যন্ত আমার মেয়ে বাড়ি না ফেরায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরদিন মাইকে ঘোষণা দেওয়া হয় যে মানছুরা নিখোঁজ।”

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম গ্রামবাসীকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ইসরাইল বন্দ এলাকার আব্দুর রহমানের সরিষা ক্ষেতে মানছুরার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে লাখাই থানার উপপরিদর্শক ময়নাল হোসেন খান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে।
ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সি। তদন্তে নেমে পুলিশ একাধিকবার ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

১৬ ফেব্রুয়ারি রওশন আরা বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেন। একই দিন দিবাগত রাতে মুড়িয়াউক গ্রামের বাদশা বাড়ির মৃত দুলাই মিয়ার ছেলে শাহরিয়ার (৪০) কে আটক করে পুলিশ। পরদিন তাকে হবিগঞ্জ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক শাহরিয়ার মানছুরাদের পাশের বাড়ির বাসিন্দা। দুই পরিবারের মধ্যে নিয়মিত যাতায়াত ছিল। এলাকাবাসীর দাবি, শাহরিয়ার মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল।
তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন বিকেলে মানছুরাকে মুড়িয়াউক গ্রামের তাকিয়া ও জাকিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায়। একই সময়ে শাহরিয়ারও ওই এলাকায় ঘাস কাটতে যায়। অভিযোগ রয়েছে, একা পেয়ে সরিষা ক্ষেতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং পরে নিজের অপকর্ম গোপন রাখতে তাকে হত্যা করে।
এদিকে গ্রামের বাসিন্দা রতন মিয়া জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে তিনি শাহরিয়ারকে মেদি বিল দিক থেকে ঘাসের বোঝা নিয়ে আসতে দেখেছেন। স্থানীয়দের অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনাস্থল থেকে বহু জমি দূরে মেদি পুকুর এলাকায় যাওয়ার প্রয়োজন কী ছিল। এ বিষয়টি নিয়েও তদন্ত চলছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, “লাশ উদ্ধারের পর থেকেই আমরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নিবিড় তদন্ত চালাচ্ছি। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।”
তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা চলছে এবং তদন্তের স্বার্থে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
শিশু মানছুরার নির্মম মৃত্যুতে লাখাইজুড়ে ক্ষোভ ও শোক বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd