এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নের লাখো মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু প্রয়োজনীয় জনবল, শয্যা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে হাসপাতালটিতে চিকিৎসাসেবা কার্যক্রম ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি পরবর্তী সময়ে ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়েনি প্রত্যাশিত মাত্রায়। ফলে ৫০ শয্যার হাসপাতালটি কার্যত ৩১ শয্যার জনবল ও সীমিত অবকাঠামো নিয়েই পরিচালিত হচ্ছে। অন্যদিকে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা।
মঙ্গলবার সকালে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২ জন নারী, পুরুষ ও শিশু রোগী। নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় দেখা দিয়েছে তীব্র বেড সংকট। বাধ্য হয়ে অনেক রোগীকে হাসপাতালের বারান্দা ও বিভিন্ন কক্ষের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি চিকিৎসকদের কক্ষ, কেবিন ও অফিসকক্ষের মেঝেতেও রোগীদের রেখে চিকিৎসা কার্যক্রম চালাতে দেখা গেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনেরা অভিযোগ করে বলেন, অসুস্থতা থেকে মুক্তি পেতে তাঁরা হাসপাতালে ভর্তি হলেও প্রয়োজনীয় সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত রোগীর চাপ থাকায় অনেক ক্ষেত্রে সেবা পেতে অপেক্ষা করতে হচ্ছে। শয্যা না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে। এর সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটসহ নানা সমস্যায় তাঁদের দুর্ভোগ আরও বাড়ছে।
মুড়িয়াউক এলাকার জারিফা নামের এক রোগীর অভিভাবক নুর উদ্দিন বলেন, ‘চার দিন ধরে হাসপাতালে আছি। প্রতিদিন তিন থেকে চারবার প্রায় এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে রোগীদের থাকতে হচ্ছে। এতে বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের কষ্ট অনেক বেড়ে যায়।’
এ ছাড়া হাসপাতালের কয়েকজন রোগী ও তাঁদের স্বজনেরা নির্ধারিত খাবার না পাওয়ার অভিযোগও করেছেন। তাঁদের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পরও অনেক সময় প্রয়োজনীয় খাবার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলায় হাম, ডায়রিয়া, ডেঙ্গু ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় বাড়ছে। কিন্তু রোগীর অনুপাতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী না থাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে প্রতিনিয়ত বেগ পেতে হচ্ছে।
হাসপাতালের জনবল সংকটের চিত্রও বেশ উদ্বেগজনক। চিকিৎসকের ৩০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র আটজন। অর্থাৎ অধিকাংশ চিকিৎসকের পদই শূন্য রয়েছে। নার্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও রয়েছে প্রয়োজনীয় জনবলের ঘাটতি। ফলে সীমিতসংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে একদিকে যেমন চিকিৎসাসেবার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে রোগীদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অনাকাঙ্ক্ষিত বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে জনবল সংকট বিরাজ করছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামেরও অভাব রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে রোগীদের প্রত্যাশা অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না পাওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।
তিনি আরও বলেন, জনবল সংকটের কারণে প্রতিদিনই চিকিৎসাসেবা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সীমিতসংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে গিয়ে অনেক সময় রোগীদের সঙ্গে কর্মীদের বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে নিজের কাছেও অপরাধবোধ কাজ করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির বলেন, হাসপাতালে আসা প্রতিটি রোগীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার আন্তরিক চেষ্টা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শয্যার অভাবে সেই চেষ্টা অনেক সময় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। রোগীর সংখ্যা বিবেচনায় হাসপাতালের সক্ষমতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।
রোগীদের দৈনিক খাবার সরবরাহ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, ঠিকাদারকে প্রতিদিন ৫০ জন রোগীর খাবার সরবরাহের নির্দেশনা দেওয়া রয়েছে। কিন্তু বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮২ জন হওয়ায় নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত রোগীদের খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণেই খাবার না পাওয়ার অভিযোগ তৈরি হতে পারে।
এদিকে ছয়টি ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার একমাত্র সরকারি আশ্রয়স্থল হওয়ায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়ানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, জনসংখ্যা ও রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমান ৫০ শয্যার হাসপাতালটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০১ শয্যায় উন্নীত করা, শূন্য পদে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি।
তাঁদের মতে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে রোগীর চাপ আরও বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার সংকটও তীব্র হতে পারে। তাই লাখাই উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।