অনলাইন ডেস্ক:
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, এই উৎসব দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।
শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, পবিত্র রমজান মানুষকে সংযম, ত্যাগ, সেবা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই সাধনার মাধ্যমে মানুষ আত্মনিয়ন্ত্রণ শিখে এবং অন্যের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারে। ফলে সমাজে গড়ে ওঠে সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা। রমজানের এই শিক্ষা ব্যক্তি ও সামষ্টিক জীবনে বাস্তবায়ন করাই ঈদের মূল তাৎপর্য।
তারেক রহমান আরও বলেন, ঈদ আমাদের সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর দেশের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে ঈদের আদর্শকে ধারণ করে একটি মানবিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন পবিত্র ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন তিনি।