এম এ ওয়াহেদ,
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থেকে অবশেষে আইনের হাতে ধরা পড়েছেন লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের কেরামত আলী। এক বছরের সাজাপ্রাপ্ত এই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
লাখাই থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) এএসআই আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মুড়াকরি গ্রামের বাসিন্দা হাং সাং ফুলবাড়িয়ার বরজ মিয়ার ছেলে কেরামত আলীকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বলেন, “কেরামত আলী এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর বুধবার তাকে হবিগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।”
দীর্ঘ দুই দশক পর সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় আলোচনা ও প্রশংসার ঝড় বইছে।