মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ এই অভিযানে একটি ক্লিনিক সিলগালা ও উভয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে অবস্থিত ‘আপডেট ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘জনসেবা ডায়াগনস্টিক সেন্টার’—এই দুই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। যথাযথ অনুমোদন ও লাইসেন্স নবায়ন ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে আপডেট ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। পাশাপাশি দুই প্রতিষ্ঠানকেই ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। অভিযানে আরও অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ডা. সাজিদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অভিযানের নিরাপত্তা নিশ্চিত করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে। লাইসেন্সবিহীন বা স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী যেকোনো প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।