মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
ঢাকার কাকরাইলের আল রাজী কমপ্লেক্সের নিচে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে নুর গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় তার সহযোগীদের সহায়তায় সেখান থেকে উদ্ধার হন।
নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, আহত নুরকে দ্রুত উদ্ধার করে নেতাকর্মীরা নিরাপদে সরিয়ে নিচ্ছেন। অন্য এক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নুরসহ তার কর্মীদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল জাপা কার্যালয়ের সামনে পৌঁছালে জাপার কর্মীরা বাইরে বের হয়ে আসেন। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় আধঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রমনা থানার পুলিশের বরাতে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও যানবাহন চলাচল শুরু হয়।