কাওছার আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুর।।
জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া এলাকার বাসিন্দা রিয়াদ (২৬) ও এনায়েত (৩২)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দলের সহযোগিতায় দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
অভিযান চলাকালে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৭টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি কিংবা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিয়মিত অভিযান ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এলাকায় মাদক ও নেশার বিস্তার অনেকটাই কমে এসেছে। ভবিষ্যতে তা আরও কমিয়ে আনার লক্ষ্যে অভিযান জোরদার করা হবে। দেওয়ানগঞ্জকে মাদকমুক্ত করে খেলাধুলা, সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের উপযুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কাজ করছে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সচেতন মহলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।