মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এসব ফ্যান সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন স্থানীয় যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার (৫৭) গত ৩ জুন বিদ্যালয়ের নতুন ভবনের চতুর্থ তলার স্টোর রুমে ১১টি বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যান সংরক্ষণ করেন। কিন্তু ২৩ জুলাই সকাল প্রায় ৯টার দিকে স্টোর রুম খুলতেই চোখে পড়ে ভয়াবহ চিত্র—ফ্যানগুলো আর সেখানে নেই।
ঘটনার পরপরই প্রধান শিক্ষক স্থানীয় যুবক মোঃ শাকিল মিয়ার (২১) বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত যুবকের পিতার নাম আঃ ছামাদ, বাড়ি বাগভান্ডার (ঝুঁকিয়া) গ্রামে। প্রধান শিক্ষকের ধারণা, গত ৩ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে শাকিল মিয়া গোপনে ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছেন।
অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার। তিনি বলেন, “আমি তাৎক্ষণিকভাবে স্কুলে গিয়ে স্টোর রুম ঘুরে দেখেছি। এ ধরনের ঘটনায় আইনের সহায়তা নেওয়া জরুরি বলেই প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি।”
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ পেলে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে—সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমন দুর্নীতির চিত্রে আবারও প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার জবাবদিহি নিয়ে।