অনলাইন ডেস্ক
সোমবার দুপুরের আগে ট্রাকে করে আনা দুইটি বুলডোজার ধানমণ্ডি–৩২ এলাকায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বে থাকা সেনাসদস্যরা তা আটকে দেয়। সেনাবাহিনী জানায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কর্মসূচি পরিচালনার কোনো অনুমতি দেওয়া সম্ভব নয়।
এ সময় বুলডোজারের ওপর থাকা কয়েকজন তরুণ স্লোগান দিচ্ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ধানমণ্ডি–৩২ পুরো এলাকাজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।
নিজেকে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’-এর আহ্বায়ক দাবি করে নাহিদ হাসান নামে এক ব্যক্তি বলেন, “শেখ হাসিনা দেশত্যাগের পর প্রথম যখন বক্তব্য দিয়েছিলেন, তখনই আমরা ধানমণ্ডি–৩২ ভাঙার উদ্যোগ নিয়েছিলাম। তখন পুরোটা করা সম্ভব হয়নি। আজ রায় ঘোষিত হওয়ায় আমরা আশা করছি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে।”