এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর করাব ইউনিয়ন কমিটির সদস্য, সাবেক ইসলামি ছাত্র আন্দোলন লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, শাহ বায়েজিদ( রঃ)ইসলামি একাডেমির শিক্ষক শাহ নেওয়াজ হিমু (৩০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন।
শাহনেওয়াজ হিমু শনিবার বিকেলে বুল্লা ইউনিয়নের গোপাল পুর মাঠে বোরো জমিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর সংবাদ তাঁর গ্রামের বাড়ি পূর্ব সিংহগ্রাম সহ এলাকায় পৌছলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা, ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তাঁর আকস্মিক মৃত্যুতে তাঁর বাবা শাহ দুলালসহ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী শিক্ষক সহ সকলে শোকে মুহ্যমান হয়ে পড়ে।
মরহুম শাহ নেওয়াজ হিমুর নামাজে জানাজা পূর্ব সিংহগ্রাম শাহী ঈদগাহ মাঠে রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক সামছুল হুদাসহ দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ২ সহস্রাধিক মুসল্লীর সমাবেশ ঘটে। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তাঁর আকস্মিক মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করছেন।প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে শোকাভিভূত হয়ে শোক প্রকাশ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল হুদা, লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সানী চন্দ্র বিশ্বাস, লাখাই উপজেলা যুবফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, শাহ বায়েজিদ ( রঃ) ইসলামি একাডেমির পক্ষে প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ, পূর্ব সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি সাবেক মেম্বার মোহাম্মদ সফিল মিয়া প্রমূখ।