এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় একই কর্মস্থলে টানা ২১ বছর ধরে দায়িত্ব পালন করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য। দীর্ঘদিন একই স্থানে চাকরি করার সুযোগে তিনি কায়েম করেছেন একক প্রভাব ও কর্তৃত্ব। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের অভিযোগ— রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কৃষি অফিসকে রীতিমতো মিনি রাজনৈতিক কার্যালয়ে রূপান্তর করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা
সরকারি চাকরির পাশাপাশি অমিত ভট্টাচার্য নিয়মিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান। জানা যায়, তিনি নিজেকে সভাপতি করে ‘বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা’ গঠন করেন এবং ফেসবুক পেজ খুলে নিয়মিত দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান।
২০১৭ সালের একটি পোস্টে তিনি কমিটির অনুমোদনের ঘোষণা দেন। আবার ২০২১ সালে হবিগঞ্জ পৌরবাসীর উদ্দেশে লিখেন— “আপনি কি পৌরসভার উন্নয়ন চান? তবে নৌকা মার্কা ছাড়া বিকল্প চিন্তা করবেন না।” এ ছাড়া ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা শুভেচ্ছা বার্তা এবং নৌকার পক্ষে ভোট চাইতে একাধিক পোস্টও করেন।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
স্থানীয় কৃষকরা জানান, কৃষকদের প্রাপ্য সার, বীজ ও ভর্তুকি প্রকল্পের কৃষিযন্ত্র বণ্টনে তিনি নিয়মিত স্বজনপ্রীতি দেখান। প্রকৃত কৃষকের নাম বাদ দিয়ে দলীয় নেতাকর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। এমনকি ভুয়া কৃষকের নামে বরাদ্দ দেখিয়ে সার ও বীজ কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কৃষিযন্ত্র সরবরাহেও সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। একাধিক কৃষকের দাবি, তার ঘনিষ্ঠ কয়েকজনকে দিয়ে ভর্তুকির যন্ত্র গ্রহণ করে পরে তা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সম্পদ অর্জন ও বিলাসবহুল জীবনযাপন
অভিযোগ রয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে তিনি হবিগঞ্জ শহরের ঘোষপাড়ায় নির্মাণ করেছেন আলিশান বাড়ি। স্থানীয়রা জানান, সরকারি ছুটি নিয়ে তিনি নিয়মিত ভারত, নেপাল, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং সেখানে অর্থ পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
স্বজনগ্রামের বাসিন্দা খাইরুল আলম তাউজ বলেন,
“সরকারি দায়িত্বে থেকে একজন কর্মকর্তা রাজনৈতিক কার্যক্রমে এতটা জড়িয়ে পড়তে পারেন, সেটা সত্যিই দুঃখজনক। কৃষকদের ন্যায্য অধিকার বঞ্চিত করে তিনি ব্যক্তিগত প্রভাব বিস্তার করেছেন। আমরা বহুবার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।”
প্রশাসনের অবস্থান
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন,
“রাজস্ব খাতে একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি থাকার কোনো নিয়ম নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে। যথাসময়ে সব অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জনমতের দাবি
সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত কৃষকরা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের উৎস অনুসন্ধান এবং অমিত ভট্টাচার্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেছেন।