এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টর- টমটম মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১ আহত ৪ জনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় মনতৈল ও কামড়াপুর ব্রিজের মাঝামাঝি স্থানে। খোঁজ নিয়ে জানা যায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিখিল দাস (৫০) এক ব্যক্তি নিহত এবং তার স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান ৬টার দিকে লাখাই উপজেলার মনতৈল এবং কামরাপুর এর মাঝামাঝি রাস্তায় একটি ধান বোঝাই ট্রাক্টর ট্রলি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতরা হলেন নিহতের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০), এবং উদয় ঘোষ (১৬)।নিহত ও আহত সকলেই লাখাই উপজেলার পূর্ব-বুল্লা গ্রামের দাস পাড়ার বাসিন্দা।
আহতদের দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধান বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল দিকে (রং সাইডে) গিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে ট্রাক্টরের সামনের চাকা খুলে ঘটনাস্থল থেকে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটির চালক পালিয়ে যায়।
লাখাই থানা ওসি বন্দে আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্টের (আরটিএ) জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আরটিএ সম্পন্ন হলে নিহত নিখিল দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং উভয় গাড়ি থানায় জব্দ করা হয়েছে । এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।