এম এ ওয়াহেদ,
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই উপজেলায় সরকারি জৈবসার পাচারের অভিযোগে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপকে শোকজ নোটিশ প্রদান করেছেন উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফ্রিপ গ্রুপের প্রদর্শনী কৃষকদের জন্য বরাদ্দ জৈবসার পাচারের তথ্য গোপন সূত্রে পান উপজেলা কৃষি কর্মকর্তা। পরে বুল্লা বাজারে স্থানীয় সার, বীজ ও কীটনাশক ডিলার আব্দুর রহমানের দোকানে অভিযান চালিয়ে পাচারকৃত ২৫ বস্তা জৈবসার জব্দ করা হয়।
এ ঘটনায় জ্যোতিলাল গোপের সম্পৃক্ততার প্রমাণ মেলায় কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম। একইসঙ্গে নোটিশের অনুলিপি জেলার উপপরিচালক আকতারুজ্জামানের কাছেও পাঠানো হয়েছে। তিনি বলেন, “সার পাচারের অভিযোগ অত্যন্ত গুরুতর। ডিলার আব্দুর রহমানের বিরুদ্ধেও শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জেলার উপপরিচালক আকতারুজ্জামান জানান, নোটিশের কপি তিনি হাতে পেয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পরবর্তীতে জেলা পর্যায়ে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে জ্যোতিলাল গোপ স্বীকার করে বলেন, “আমি যখন উনার অধীনে চাকরি করি, নোটিশ দেওয়া তার এখতিয়ার।”
ঘটনার পর থেকে ডিলার আব্দুর রহমান দোকান বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন। সার পাচারের এ ঘটনা উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।