এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় শহীদ ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের যুব ও ছাত্রসমাজ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কালাউক উপজেলা গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
বিক্ষোভে অংশ নেওয়া যুব ও ছাত্ররা স্লোগান দেন—
“হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”,
“তুমি কে, আমি কে—হাদী, হাদী”,
“আমরা সবাই হাদী হব”,
“হাদী ভাইয়ের রক্তের বদলা নেব”।
বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের অগ্রসৈনিক, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভকারীরা বর্তমান সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে তদন্ত শেষ করে দায়ীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।