এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই উপজেলা স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে ডেন্টাল সার্জনসহ ৮ জন নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে। স্থানীয় দুটি পত্রিকায় সংবাদ প্রকাশের পরই এ পদায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুনভাবে পদায়নপ্রাপ্ত চিকিৎসকরা হলেন মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক খান, ডা. জুয়েল রানা, ডা. জুয়েল আহাম্মদ, ডা. জাফরীন জুবায়রা সুরভী, ডা. এ এস এম তৌহিদ আমীন, ডা. লুৎফল হাসান শোভন, ডা. সুমি আক্তার এবং ডেন্টাল সার্জন ডা. সাখাওয়াত হোসেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, উপজেলায় ইউনিয়ন সাব-সেন্টারসহ মোট ৩৪টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে নতুন ৮ জনসহ মোট ১২টি পদ পূরণ হয়েছে। এখনও উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে।
তিনি বলেন, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে জরুরি রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে চিকিৎসক পদায়নের পরও স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্টসহ ২৩টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে চিকিৎসক ডা. অমিত রায়, ডা. রেজাউল ইকবাল ও ডা. নাহিদ চৌধুরী অননুমোদিতভাবে অনুপস্থিত আছেন বলে জানা গেছে। একইভাবে নার্স লুসি মন্ডল ও ফাহমিন আক্তারও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এসব শূন্য পদ ও অনুপস্থিতির কারণে সেবাপ্রদানে চাপ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, চিকিৎসক পদায়ন অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্স, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্টের শূন্য পদ দ্রুত পূরণ করা জরুরি।
এদিকে ডেন্টাল সার্জন পদ পূরণ হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্রের অভাবে পূর্ণাঙ্গ ডেন্টাল সেবা চালু করা সম্ভব হচ্ছে না। অননুমোদিতভাবে অনুপস্থিত চিকিৎসক ও নার্সদের বিষয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না হওয়ায় প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
সচেতন মহলের দাবি, শুধু পদায়ন নয়, শূন্য পদ পূরণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা গেলে তবেই উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।